দেশজুড়ে

স্টোর রুম থেকে আসামিকে কোলে করে নামালো পুলিশ

যশোরে সুমন মাহমুদ (৪৭) নামে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে বাড়ির স্টোর রুম থেকে কোলে করে নামিয়ে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে শহরের রায়পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে কোলে করে নামানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গ্রেফতার এড়াতে সুমন বাড়ির স্টোর রুমে লুকিয়ে ছিলেন। পরে তাকে সেখান থেকে কোলে করে নামান পুলিশ সদস্যরা।

যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে জানান, নারায়ণগঞ্জের আদালতে চেক জালিয়াতির মামলার আসামি সুমন মাহমুদ একটি সিআর সাজা ওয়ারেন্ট ও চারটি সিআর ওয়ারেন্টসহ তার নামে পাঁচটি ওয়ারেন্ট আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তার বাড়িতে যেত কিন্তু খুঁজে পেতো না। অভিনব কায়দায় লুকিয়ে থাকতো স্টোর রুমে। সোমবার দিনগত রাত ৩টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে স্টোর রুমে পাওয়া যায়। সেখানটা অনেক গভীর। এক পর্যায়ে তাকে বের করে আনা হয়। এসময় তাকে সেখান থেকে পুলিশ সদস্যরা কোলে করে নামায়।

মিলন রহমান/এনএইচআর/জেআইএম