ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। ঝাড়ু হাতে নিজেই পরিচ্ছনতা অভিযানে অংশ নেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে তিনি অংশ নেন।
সকালে শহরের বড় বাজার, জনতা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এসময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য আবু তালিব বলেন, ‘পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তুলতে কেবলমাত্র পৌর কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা। আমরা কালীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।’
এম শাহাজান/এসআর/জেআইএম