কক্সবাজার শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাতলীর আদর্শগ্রাম এলাকায় একটি নবনির্মিত পাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।
রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার, উখিয়া ও রামু ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।
আগুনের সূত্রপাতের প্রাথমিক কারণ হিসেবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, ওই পাম্পে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। আহতদের বিষয়ে তিনি জানান, আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দুজনকে এখানকার হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এখানে সন্ধ্যার দিকে গ্যাস লিকেজ বা নির্গত হওয়া শুরু হয় জানিয়ে মোরশেদ হোসেন বলেন, তখন সাড়ে ৭টার দিকে আগুন লাগলে নিভিয়ে ফেলা হয়। কিন্তু গ্যাস ছড়াতে থাকলে আশপাশের লোকজনকে ফায়ার সার্ভিস সরিয়ে নেয়। পরে ১০০ ফুট দূরে জিপ স্টেশনে সম্ভবত কারও সিগারেট থেকে আগুন লেগে তা পাম্পের দিকে চলে আসে।
গ্যাস বের হওয়ার কারণে তখনো আগুন জ্বলছিল বলে জানান তিনি।
একিউএফ