জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, বুধবার দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। এসময় তার ওপর অতর্কিত হামলা শুরু করে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। এর সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী।
‘এ হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই,’ যোগ করেন সংসদ সদস্য নাহিদ।
তার অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
এনসিপির আহ্বায়ক লেখেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এর মধ্য দিয়ে সরকারের দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো।
নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রতিটি হামলার তদন্ত এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
এনএস/একিউএফ