চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, টেকসই সড়ক নেটওয়ার্ক ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা ছাড়া শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
চসিক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মোবারক আলী রোড, সুন্নিয়া মহিলা মাদরাসা সংলগ্ন সড়ক, চানমিয়া সওদাগর রোড, ত্রিপুরা খাল-সংলগ্ন সড়ক, নবীনগর ও বার্মা কলোনি আবাসিক এলাকা এবং সদর খাল-সংলগ্ন এলাকার প্রায় ৪ হাজার ১০০ ফুট রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
মেয়র শাহাদাত হোসেন বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে এরইমধ্যে প্রায় ২৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং আরও প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উপ-প্রকল্পের কাজ চলমান।
এর আগে, মেয়র ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বালি খালের ওপর ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সেতুর উদ্বোধন করেন। তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকার যোগাযোগ সহজ করা, খালের পানিপ্রবাহ বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই সেতুটি নির্মাণ করা হয়েছে।
চসিক জানিয়েছে, মোহরা ওয়ার্ডে আরও কয়েকটি সেতু ও সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। পাশাপাশি কালুরঘাট শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক সংস্কারের নতুন প্রকল্পও প্রস্তাবিত হয়েছে।
মেয়র বলেন, চট্টগ্রামের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনকে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনাই চসিকের লক্ষ্য। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এএমএ