আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন। এর লক্ষ্য হলো দেশজুড়ে আরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী ফোরজি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে সর্বনিম্ন দামে ফোরজি ফোন নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রাণ-আরএফএল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সম্প্রতি জিপিহাউজে আয়োজিত কো-ব্র্যান্ডেড এ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।
এ উদ্যোগটি দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন হিসেবে ১৮৯৯ টাকা দামে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারবান্ধব ও সহজলভ্যতার কথা বিবেচনায় রেখে তৈরি এই ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা নেওয়ার সুযোগ নিশ্চিত করবে।
এই অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিশেষ ডাটা প্যাকেজ। প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট (৭ দিনের মেয়াদসহ)। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডাটা প্যাকগুলো নিতে পারবেন গ্রাহকরা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি সুযোগ তৈরির জন্য সংযোগ একটি মৌলিক বিষয়। জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোরজি ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা দিতে এই উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই ডিভাইসের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা নিতে পারেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সাশ্রয়ী প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনটি আরও বেশি মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। আমরা এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত, যা ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখে।
এই উদ্যোগটি উন্নত সংযুক্তির মাধ্যমে অর্থবহ ডিজিটাল সমাধান প্রদানে গ্রামীণফোনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে সমাজের সব স্তরের মানুষ সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা পেতে পারেন।
ইএইচটি/এএমএ