দেশজুড়ে

সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালীতে নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

যমুনা নদীর বালু ব্যবসায়ী লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নৌযান শ্রমিক নেতা সুমন শেখ, আল-আমিন ও হেলাল হোসেনসহ অন্যান্য শ্রমিক ও বালু ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, আমরা সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করি। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট এলাকার কিছু অসাধু ব্যক্তি বাল্কহেডের গতিরোধ করে চাঁদা নেয়। এ চাঁদা দিতে অস্বীকার করলে কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। শুধু তাই নয়, চাঁদা না দেওয়ায় তারা একটি বাল্কহেডে অগ্নিসংযোগও করেছে। নদীপথে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বালু ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

বক্তারা আরও বলেন, চৌহালীতে প্রতিনিয়ত বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে নৌযান শ্রমিকদের মারধর ও নির্যাতন করা হচ্ছে।অনতিবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন। এ মানববন্ধন শেষে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এম এ মালেক/আরএইচ/জেআইএম