খেলাধুলা

আম্পায়ারিং বিতর্ক, রনির ফিফটি, সেন্ট্রাল জোনের জয়

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উত্তাপ ছড়ালো বিসিএলের লড়াই। আম্পায়ারিং নিয়ে ইস্ট জোন অধিনায়ক ইয়াসির আলি রাব্বির তীব্র ক্ষোভ আর মাঠের বিতর্কের মাঝেই আবু হায়দার রনির বিধ্বংসী ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে সেন্ট্রাল জোন। বৃহস্পতিবার ইস্ট জোনের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য আবু হায়দার রনি ও নাঈম শেখের ব্যাটে ভর করে ৫ উইকেট আর ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইস্ট জোন। পারভেজ ইমন ২৭ এবং জাকির হাসান ৪৫ রান করে ভিত গড়ে দেন। তবে মিডল অর্ডারে মুমিনুল হক (৩৪) ও ইয়াসির রাব্বি (৩৭) বড় জুটি গড়তে ব্যর্থ হন। ইয়াসিরের আউট নিয়েই ম্যাচের প্রথম বিতর্কের শুরু। সাইফ হাসানের বলে সীমানায় রাকিবুলের হাতে ধরা পড়েন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় ক্যাচ ধরার সময় রাকিবুলের পা সীমানা দড়ি স্পর্শ করেছিল, যা ছক্কা হওয়ার কথা। কিন্তু টিভি আম্পায়ার না থাকায় মাঠের আম্পায়াররা আউটের সিদ্ধান্তে অটল থাকেন। যা নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রাব্বি। শেষ দিকে নাঈম হাসানের ২৬ রানের সুবাদে ২৩৪ রানে থামে ইস্ট জোনের ইনিংস। রাকিবুল হাসান মাত্র ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল সেন্ট্রাল জোন। ওপেনার মাহফিজুল রবিন ২৯, অধিনায়ক অঙ্কন ১২ এবং আরিফুল ২১ রান করে আউট হলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সেন্ট্রাল জোনের ইনিংসের ৩৩তম ওভারে আবারও আম্পায়ারিং নিয়ে উত্তেজনা ছড়ায়। মুশফিক হাসানের বলে আরিফুলের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন নাকচ হলে ক্ষোভে ফেটে পড়েন ইয়াসির রাব্বি ও নাসুম আহমেদরা।

আরিফুল বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন আবু হায়দার রনি। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। নাঈমের সঙ্গে মাত্র ৫২ বলে ৭৪ রানের ঝড়ো জুটি গড়েন তিনি। নাঈম ৯৮ বলে ৮৩ রান করে ফিরলেও রনি ছিলেন অদম্য। মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করা রনি শেষ পর্যন্ত ৪২ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। শেষ দিকে মোসাদ্দেক সৈকতের ২০ রানের ক্যামিওতে সহজ জয় পায় সেন্ট্রাল জোন। এই হারে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ইস্ট জোন, আর প্রথম জয়ে আশা জিইয়ে রাখল সেন্ট্রাল জোন।

এসকেডি/আইএন