আন্তর্জাতিক

এপস্টেইন বিতর্কে পদত্যাগ করলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বোরগে ব্রেন্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এপস্টেইন বিতর্কে জড়িত থাকায় তার বিরুদ্ধে শুরু হওয়া তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে পদত্যাগ করেছেন অর্থনৈতিক ফোরামের প্রধান ব্রেন্ডে।

বোরগে ব্রেন্ডে নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্রেন্ডে এক বিবৃতিতে জানিয়েছেন, বিভ্রান্তি এড়াতে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সদ্য প্রকাশিত বিবৃতিতে ব্রেন্ডে বলেন, সতর্কতা বিবেচনায় আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার সাড়ে আট বছরের কর্ম অভিজ্ঞতা অত্যন্ত ফলপ্রসূ ছিল।

নিজের অর্জন সম্পর্কে ব্রেন্ডে বলেন, আমরা রেকর্ডসংখ্যক অংশীদারকে যুক্ত করতে পেরেছি এবং দাভোসে অত্যন্ত সফল বার্ষিক সভা আয়োজন করেছি। দাভোসের সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নেতাদের সঙ্গে অতীতের চেয়ে অনেক বেশি সম্পৃক্ততার ঘটনা ঘটেছে।

সহকর্মী, অংশীদার ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ব্রেন্ডে। একই সঙ্গে কোনো বিভ্রান্তি ছাড়া অর্থনৈতিক ফোরামের গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়ার এখনই সঠিক সময়।

ডব্লিওএফের প্রেসিডেন্টের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে প্রকাশিত এপস্টেইন ফাইলস। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত ৩৫ লাখের বেশি নথির মধ্যে ব্রেন্ডের নাম রয়েছে।

জানা গেছে, ব্রেন্ডে এপস্টেইনের সঙ্গে অন্তত তিনবার ব্যাবসায়িক নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং ই-মেইল ও টেক্সট বার্তার মাধ্যমে বিভিন্ন সময় যোগাযোগও করেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এপস্টেইনের কু-কীর্তির তথ্য প্রকাশের পর বিশ্বের ক্ষমতাধর রাজনীতিবিদ থেকে উদ্যোক্তা কিংবা বিখ্যাত ব্যক্তিবর্গের অনেকেই বেকায়দায় পড়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, বিল গেটস, ইলন মাস্ক।

এদিকে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এমন বিষয়ে তার নাম আসায় দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। পাশাপাশি দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করেছেন বিল গেটস।

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএম