জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসন করতে চায়, তাহলে সেটি প্রকাশ্য ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর বাস্তবে ভিন্ন আচরণ—এটি গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো ভূমিকা রাখে, তাহলে আমরা রাজনৈতিকভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) যদি পুনর্বাসন করতেই হয়, তবে তা স্পষ্ট ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর অন্তরে আরেক—এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক এমপি, যারা নানা অনিয়ম ও অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তারা জামিন পাচ্ছেন। এমনকি চট্টগ্রামের আলোচিত ‘ইয়াবা বদি’ও জামিন পেয়েছেন। বিষয়গুলো রাজনৈতিকভাবে স্পষ্ট করা দরকার।
আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে এনসিপির এই নেতা আরও বলেন, এটি শুধু আমাদের দলের জন্য নয়, দেশের মানুষের জন্যও উদ্বেগের বিষয়। দেড় বছর আগে এ দেশে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এখনো সবার কাছে তাজা।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হলে তা সবার জন্য উদ্বেগজনক হবে। সে জায়গা থেকে আমরা রাজনৈতিকভাবে কীভাবে বিষয়টি মোকাবিলা করবো, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
এমএমকে/