খেলাধুলা

জিম্বাবুয়ের ওপর তাণ্ডব চালিয়ে আসরের সর্বোচ্চ সংগ্রহ ভারতের

দুইদিন আগে এই জিম্বাবুয়ের বিপক্ষেই এবারের আসরের সর্বোচ্চ ২৫৪ রানের সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার সেটিকে ছাড়িয়ে গেলো ভারত, একই প্রতিপক্ষের বিপক্ষে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৪ উইকেটে ২৫৬ রানের পুঁজি দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ বাঁচামরার ম্যাচে জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২৫৭।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। অফফর্মে থাকা অভিষেক শর্মা আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠেছেন। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ করে ফিরলেও অভিষেক ফিফটি তুলে নেন ২৬ বলে।

২৪ বলে ৩৮ করেন ইশান কিশান। অভিষেক ৩০ বলে ৫৫ রানের ইনিংসে হাঁকান ৪টি করে চার-ছক্কা। ১৩ ওভারে আগেই ১৫০ রান ছুঁয়ে ফেলে ভারত।

সূর্যকুমার ১৩ বলে করেন ৩৩। পরের সময়টায় তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ফিফটি করেন হার্দিক। তার ইনিংসে ছিল ২ চার আর ৪ ছক্কার মার। তিলক ১৬ বলে অপরাজিত ৪৪ করেন ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায়।

এমএমআর