আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফের ভূমিকম্প হলো। আবহাওয়া অফিস বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।
ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।
আরও পড়ুন:সারাদেশে ভূমিকম্প অনুভূতপশ্চিমবঙ্গের কলকাতায় ভূমিকম্প অনুভূত
এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কর্মকর্তা ফারজানা সুলতানা জাগো নিউজকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি মৃদু ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
তার আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। উৎপত্তি ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
তারও আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।
এসএনআর/জেআইএম