রোজায় আমরা ইফতারের জন্য নানা ধরনের পদ তৈরি করি। কখনো দেশীয় রেসিপি, কখনো বিদেশি স্বাদের খাবার। ভাজাপোড়া বা অতিরিক্ত ঝাল-মসলাদার খাবার অনেকের জন্য হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার রাখা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি।
বুবুর আয়াম ইন্দোনেশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় চিকেন রাইস পোরিজ। এটি মসলাদার হলেও খুব ভারী নয়।হালকা হওয়ায় এটি দীর্ঘসময় না খেয়ে থাকা রোজাদারদের জন্য সহজপাচ্য। এটি সহজেই তৈরি করা যায়, যা ইফতার টেবিলে নতুন স্বাদ ও বৈচিত্র্য যোগ করতে পারে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে বুবুর আয়াম তৈরি করবেন-
উপকরণ১. চাল ১ কাপ(পোলাও চাল)২. চিকেন ২ কাপ (হাড় ছাড়া)৩.হলুদ ও ধনিয়া গুঁড়া আধা চামচ৪. রসুন কুঁচি আধা চাচামচ৫. আদা ১ ইঞ্চি (থেঁতো করা)৬. তেজপাতা ও লেমনগ্রাস ১ টি করে ৭. সেদ্ধ ডিম ১ টি৮. পেঁয়াজ (বেরেস্তা) ১ টেবিল চামচ৯. গোলমরিচ স্বাদমতো১০. কাঁচা মরিচ কুচি১ চামচ১১. সয়া সস ১ চা চামচ১২. তিলের তেল আধা চামচ১৩. পানি ৮-১০ কাপ১৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ১৫.বাদাম ভাজা ১ চা চামচ১৬. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালিএকটি বড় পাত্রে মুরগির মাংস, আদা, রসুন এবং পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলায় জ্বাল দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এটি তুলে নিন এবং ঝোলটি আলাদা করে রাখুন। মাংস ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে চিকেন স্লাইস বা ছোট কুঁচি করে নিন। ধুয়ে রাখা চালটি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নাড়তে থাকুন যাতে ভাতের তলা লেগে না যায়। চাল একদম গলে ঘন ক্রিমের মতো না হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যান। প্রয়োজনে আরও কিছু গরম পানি বা স্টক যোগ করতে পারেন। ভাত ঘন হয়ে এলে সামান্য গোলমরিচ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন।
এবার একটি বাটিতে ভাত ঢালুন। তার ওপরে চিকেন কুঁচি, সেদ্ধ ডিমের ফালি, বেরেস্তা, ভাজা বাদাম এবং ধনেপাতা ছড়িয়ে সামান্য সয়া সস যোগ করুন। তিলের তেল বা লেবুর রস দিয়ে সামান্য স্বাদ ও ঘ্রাণ বাড়ানো যেতে পারে। এবার গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন:ঝটপট ইফতারে রাখুন স্বাস্থ্যকর রাশিয়ান সালাদ ইফতারে বানান মজাদার পকেট সমুচা
এসএকেওয়াই