পাকিস্তানের হামলার জবাবে আফগান বিমানবাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ সীমান্তবর্তী অন্যান্য এলাকায় বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেলা ১১টায় আফগান বিমানবাহিনী ফাইজাবাদ শহরের কাছে একটি সামরিক শিবির, নওশেরা সেনা ক্যান্টনমেন্ট, জামরুদ সামরিক কলোনি এবং অ্যাবোটাবাদে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, কেন্দ্র ও ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই বিমান হামলা পাকিস্তানের আগের রাতের কাবুল, কান্দাহার এবং পাকতিয়া এলাকায় আকাশসীমা লঙ্ঘনের জবাবে পরিচালিত হয়েছে।
আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করার পাশাপাশি ১৮টি দখলে নিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তাছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (আরমর্ড পার্সোনেল ক্যারিয়ার) ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।
সূত্র: পাজক আফগান নিউজ
কেএম