বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। যদি কেউ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. শরীফুল আলম বলেন, বিগত সরকারের আমলে যা হয়েছে সেটা আর করতে দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে তাদের আইনের মাধ্যমে বিচার করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার পাইলট প্রকল্প হিসেবে ১৪টি উপজেলায় চালু হবে। এতে ভৈরব উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার সভায়। সামনের দিনগুলিতে আইনশৃঙ্খলার উন্নতিসহ দেশের উন্নয়নে সরকার কাজ করবে। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি কাউকে ছাড় দেবো না। ভৈরবের স্বাস্থ্য, শিক্ষা, মেঘনার বাঁধ, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়ন করার জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, ভৈরব সার্কেল অফিসের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রমূখ।
পরে তিনি দুপুর ২ টায় ভৈরবের গোপাল জিউর মন্দিরে গিয়ে হিন্দুসমাজের সঙ্গে মতবিনিময় করেন। তারপর দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করতে ভৈরব বাজারের কয়েকটি দোকান পরিদর্শন করেন। এরপর তিনি বিকেল তিনটায় স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় পৌর শহরের চন্ডিবের এলাকায় জোবাইদা ওয়াজির এতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ইফতারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
রাজীবুল হাসান/এনএইচআর