দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় বিয়ে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

চাঁদপুরের মতলবে চাঁদা না দেওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। এতে বরের বাবা, ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায়

আহতরা হলেন, ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)।

ভুক্তভোগীরা জানান, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার মোহনের (২৫) নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন (১৬) ও জিসানসহ (১৮) কয়েকজন অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে আয়োজক পক্ষ তিন হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বরের পিতা বাবু লাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশেপাশে বাড়ি ঘরে হামলা করে।

আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা কেরাম খেলছিলাম। তখন কিশোর গ্যাং এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নিয়েছে তারা। হামলায় আমার মাথা ফেটে যায়।

স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়েবাড়িতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল জানান, বিয়ে বাড়িতে চাঁদা দাবি ও হামলার অভিযোগে ১৩ জনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম