বিনোদন

অমিতাভের সিনেমায় দেখা যাবে সাদিয়া আয়মানকে

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ অভিনয় করছেন সাদিয়া আয়মান। রোমান্টিক ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে।

অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি। বঙ্গ অরিজিনাল সিনেমা হিসেবে নির্মিত এ প্রজেক্টে সাদিয়ার বিপরীতে অভিনয় করছেন জিয়াউল পলাশ।

বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটিতে পোষা প্রাণীর প্রতি মমতা ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরা হয়েছে।

গত সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশান ও বনানী এলাকায় চলছে দৃশ্যধারণ। নির্মাতারা জানান, সমসাময়িক নগর জীবনের প্রেক্ষাপটে ভিন্ন স্বাদের এক প্রেমের গল্পই তুলে ধরা হবে ‘লাভ সিটার’-এ।

আরও পড়ুন:অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় বাড়ছে রহস্য প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা, নোবেল ও পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ 

ছয় বছরের ক্যারিয়ারে ওয়েব মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন সাদিয়া আয়মান। ‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ ও ‘বিভাবরী’-সহ একাধিক ওয়েব সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বছর ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছিলেন সাদিয়া আয়মান। এবার ‘লাভ সিটার’-এ নতুন রসায়ন নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি।

এমএমএফ