মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি পেশ করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম । অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান।
সোমবার (২ মার্চ) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মার্চ ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গত ১৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের জন্যে আজেকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত তাদের হাজির করার নির্দেশ দেন। শুনানি উপলক্ষে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মেনন ও কামরুলের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের গ্রেফতার করা হয়।
এফএইচ/এএমএ