দেশজুড়ে

সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরার কালিগঞ্জে মো. মোকলেছুর রহমান (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট। রোববার দুপুর ২টার দিকে তিনি মোটরসাইকেলে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা তার পথরোধ করে, এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

এসময় তিনি মাথায় রক্তাক্ত জখম হন এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম