জাতীয়

শাহ আমানতে আরও ৬ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা তিনটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা চারটি অ্যারাইভাল ও তিনটি ডিপার্চার ফ্লাইট চালু ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আংশিকভাবে স্বাভাবিক হতে শুরু করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ছয়টি ফ্লাইটসহ মোট ৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/এমএন