আগামী ১৬ মার্চ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার সাহা পাড়া খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার (৮ মার্চ) দুপুর ২টায় দিনাজপুরের কাহারোল উপজেলার খাল খনন কর্মসূচির প্রস্তুতি দেখতে গিয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি একথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৬ মার্চ খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের মধ্যে দিয়ে জন গুরুত্বপূর্ণ ও জনদাবি অনুযায়ী কর্মসূচি শেষ করা হবে।
তিনি বলেন, সেচ ব্যবস্থায় অভাব ও জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। হাজারো মানুষের কাঙ্ক্ষিত দিনাজপুরে কাহারোলে খাল খনন কর্মসূচির দীর্ঘদিনের দাবি ছিল।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল খনন করা হবে। দেশের নদী, খাল ও জলাশয়গুলো পূর্ণাঙ্গভাবে খননের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে এটি তারই অংশ। তিনি আরও বলেন, বলরামপুর সাইতারা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন ছাড়াও জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইসগেট নির্মাণ করা হবে। এতে সেচ খরচ উল্লেখযোগ্য হারে কমবে এবং কৃষকরা সরাসরি লাভবান হবেন।
এসএনআর/জেআইএম