বিনোদন

মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী?

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান লখনৌতে একটি কনসার্টে গান গাইতে গিয়ে মঞ্চেই আবেগে ভেঙে পড়েন। গলার সমস্যার কারণে ঠিকভাবে গান গাইতে না পারায় দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই গায়িকা।

ঘটনাটি ঘটে গত ৭ মার্চ লখনৌয়ের কুলব্রিজ রিসর্টে। সেখানে ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’-এর অংশ হিসেবে পারফর্ম করছিলেন সুনিধি। কনসার্ট চলাকালে গলার সমস্যা প্রকট হয়ে উঠলে তিনি দর্শকদের কাছে নিজের অসুস্থতার কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঝলমলে জাম্পস্যুট পরা ৪২ বছর বয়সী এই গায়িকা চোখের জল মুছতে মুছতে দর্শকদের বলেন, “আজ আমার গলা খুব খারাপ হয়ে রয়েছে। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে আছেন। হে ভগবান, এমনটা আমার সঙ্গে আগে কখনো ঘটেনি।”

গান গাইতে না পারার বিষয়টিকে তিনি “লজ্জাজনক” বলেও উল্লেখ করেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। আমি সবসময় আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ চেষ্টা করেও ঠিকভাবে গাইতে পারছি না। তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দেবেন।”

তবে শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও কনসার্ট বন্ধ করেননি সুনিধি। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়েই অনুষ্ঠান চালিয়ে যান তিনি। উপস্থিত দর্শকরাও উচ্ছ্বাসের সঙ্গে তার পারফরম্যান্সে অংশ নেন।

উল্লেখ্য, সুনিধি চৌহানের এই সংগীত সফর শুরু হয় গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাই থেকে। এরপর দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ ও চেন্নাইসহ ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি।

আরও পড়ুন:মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত সংগীত অঙ্গনের বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া 

আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই সফরের শেষ কনসার্ট। আয়োজকদের সূত্রে জানা গেছে, কলকাতার অনুষ্ঠান দিয়েই শেষ হবে এই সংগীত সফর।

এমএমএফ