আন্তর্জাতিক

ভুলে গাঁজাভর্তি ব্যাগ দান করলো কিশোর-কিশোরী

দান করার মানসিকতা ভালো, কিন্তু দানের ব্যাগে কী থাকছে তা খেয়াল না করলে যে বিপদ হতে পারে, তারই এক জ্বলন্ত প্রমাণ মিললো নিউজিল্যান্ডে। দেশটির সাউথল্যান্ড অঞ্চলে চ্যারিটি শপের বাইরে ভুল করে গাঁজা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ভর্তি একটি ব্যাগ ফেলে যায় দুই কিশোর-কিশোরী।

পুলিশের দেওয়া তথ্যমতে, এই ঘটনাটি ঘটে গত ১৮ ফেব্রুয়ারি। একটি দাতব্য প্রতিষ্ঠানের দোকানের বাইরে রাখা দান করার স্থানে ব্যাগটি রেখে যায় তারা। পরে দোকানের এক স্বেচ্ছাসেবক ব্যাগ থেকে তীব্র গন্ধ পেয়ে সেটি খোলেন। এসময় ভেতরে প্লাস্টিকের প্যাকেটে রাখা ৪৩ দশমিক ২ গ্রাম গাঁজা এবং ৩ হাজার ৭০০ নিউজিল্যান্ড ডলার (প্রায় ২ হাজার ২০০ মার্কিন ডলার) পাওয়া যায়।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড পুলিশ জানায়, কাছাকাছি একটি ওয়ার্কশপে নিজেদের গাড়ি সার্ভিসিংয়ের জন্য দিয়ে অপেক্ষা করছিল ওই কিশোর ও কিশোরী। অপেক্ষা করার সময় তারা ভুল করে ব্যাগটি দান করার স্থানে রেখে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত অবস্থায় তারা দোকানে ফিরে আসে। তখন দোকান কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পুলিশ আরও জানায়, ওই দুই কিশোর-কিশোরীর গাড়ি তল্লাশি করে একটি এয়ার পিস্তল, একটি পুলিশ স্ক্যানার এবং অতিরিক্ত নগদ অর্থ পাওয়া যায়। নিউজিল্যান্ডে ১৮ বছরের কম বয়সীদের লাইসেন্স ও প্রাপ্তবয়স্কের তত্ত্বাবধান ছাড়া এয়ার পিস্তল রাখা নিষিদ্ধ।

তবে দেশটিতে পুলিশ স্ক্যানার রাখা অবৈধ নয়। কিন্তু সেটি ব্যবহার করে পাওয়া তথ্য অন্যদের কাছে ছড়ানো বা সেই তথ্যের ভিত্তিতে কাজ করা আইনত অপরাধ।

আটক দুজনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে বা তারা আদালতে হাজির হয়েছে কি না—এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

নিউজিল্যান্ডে ১৭ বছরের কম বয়সী অভিযুক্তদের বেশিরভাগ মামলাই যুব আদালতে শুনানি হয়। আইন অনুযায়ী এসব মামলার অনেক তথ্য প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে।

সূত্র: সিএনএনকেএএ/