বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তার স্ত্রী লিন লৈশরামের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার (১০ মার্চ) মা হয়েছেন লিন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় লিনকে। কিছু সময়ের মধ্যেই আসে সুখবর-কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এ খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। সহকর্মী ও ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
খুশির খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রণদীপ। তিনি লিখেছেন, “আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।” উল্লেখযোগ্য বিষয় হলো, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই এই বিশেষ দিনে আবেগঘন বার্তায় বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্যোজাত সন্তানের প্রথম ঝলকও ভাগ করেছেন অভিনেতা।
এর আগে ২০২৫ সালের শুরুর দিকে প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন। সে সময় সন্তান আগমনের খবরে আনন্দে ভাসছিলেন এই দম্পতি। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। গর্ভপাতের কারণে প্রথম সন্তানকে হারান তারা। সেই সময় শারীরিক ও মানসিকভাবে কঠিন সময় পার করতে হয়েছিল তাদের।
পরে একই বছরের শেষ দিকে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন লিন। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম সন্তানের ক্ষতি তাদের ভীষণভাবে ভেঙে দিয়েছিল। তবে নতুন করে সন্তান আসার খবর তাঁদের জীবনে আবারও আনন্দ ফিরিয়ে আনে।
সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকেই নবজাতকের জন্য ঘর সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রণদীপ ও লিন। সন্তানের নাম নিয়েও আলোচনা শুরু করেছিলেন তারা। যদিও এখনো চূড়ান্ত কোনো নাম ঠিক করা হয়নি।
আরও পড়ুন:মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী? অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’, মুক্তির আগেই কোটি কোটি আয়
বাবা হওয়ার পর আপাতত কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার কথাও জানিয়েছেন রণদীপ। নতুন অতিথিকে ঘিরেই এখন ব্যস্ত সময় কাটছে তারকা দম্পতির।
এমএমএফ