অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’, মুক্তির আগেই কোটি কোটি আয়
বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই তুমুল আলোচনায়। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে যে সাড়া মিলছে, তাতে বক্স অফিসে বড় ঝড় তুলতে পারে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি ভারতে প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনের হিসাব যুক্ত করলে সেই অংক দাঁড়ায় প্রায় ২০ কোটি ৩২ লাখ রুপি। এরই মধ্যে সিনেমাটির ২ লাখ ৫৯ হাজার ১১১টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেলেও সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। একাই এই সংস্করণ থেকে এসেছে প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি। ভারতজুড়ে সিনেমাটির জন্য প্রায় ৭ হাজার ৮৯০টি শো নির্ধারণ করা হয়েছে, যা সিনেমাটির ব্যাপক চাহিদারই প্রমাণ।
মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির টিকিটের দামে রয়েছে বড় পার্থক্য। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে রিক্লাইনার প্রাইম সিটের দাম রাখা হয়েছে প্রায় ২ হাজার ৯০০ রুপি। অন্যদিকে দক্ষিণ ভারতে সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে অনেক কম দামে টিকিট বিক্রি হচ্ছে। যেমন, চেন্নাইয়ের একটি হলে মাত্র ৫৯ রুপিতে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু সংস্করণেও ভালো সাড়া মিলছে। এরই মধ্যে তেলুগু সংস্করণের জন্য ৫ হাজার ৫০০টির বেশি এবং তামিল সংস্করণের জন্য ১০ হাজারের বেশি টিকিট বুক হয়েছে। কন্নড় ও মালয়ালম সংস্করণেও ধীরে ধীরে বাড়ছে অগ্রিম বুকিং।
আরও পড়ুন:
মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী?
৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়
সব মিলিয়ে মুক্তির আগেই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে-উদ্বোধনী দিনেই বক্স অফিসের একাধিক পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে সিনেমাটি।
এমএমএফ