জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক হয়েছে। সোমবার (৯ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এ বৈঠক হয়।
এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেন। দলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।
এসময় উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এতে জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধীদলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক সংসদকে প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমওএস/একিউএফ