জাতীয়

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বি‌শেষ ফ্লাই‌ট চায় সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফেরানোর সুবিধার্থে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে।

বুধবার (১১ মার্চ) কাতারের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

দূতাবাস জানায়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার পরিপ্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে।

ঢাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পরিবার, বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুত করতে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটি গুগল ফর্ম লিঙ্ক শেয়ার করা হচ্ছে।

এ অবস্থায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ভ্রমণের জন্য জরুরি ভিত্তিতে ওই গুগল ফর্মটি ব্যবহার বা পূরণ করে ভ্রমনেচ্ছু যাত্রীদের আবেদন করার অনুরোধ করেছে দূতাবাস।

জেপিআই/এমকেআর