পথচলতি মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর জায়গা করছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। মেগাসিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে ‘কাবিলা’ নামে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগের আগেও পাওয়া গেছে তাকে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবার পলাশের সংস্থা ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ চট্টগ্রামে বাস্তবায়ন করতে যাচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার ‘যতন’।
শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতবস্ত্র বিতরণ, অসুস্থ অসহায় রোগীর চিকিৎসায় সহায়তা বা জরুরি রক্ত সংস্থানসহ নানান সেবামূলক কার্যক্রম কাজ করতে দেখা গেছে পলাশকে। এসব কাজের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ডাকবাক্স ফাউন্ডেশন’। আজ (১১ মার্চ) বুধবার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে যতন গড়ার জন্য সহযোগিতা চেয়েছেন অভিনেতা।
ওই পোস্টে পলাশ লিখেছেন, ‘স্বপ্ন নির্মাণের কাজ চলছে। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে ব্রেস্ট ফিডিং সেন্টার যতন। এখন কাজ চলছে নতুন ব্রিজ এলাকায়। ধাপে ধাপে আরও কয়েকটি জায়গায় এ ধরনের সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ জনপরিসরে মায়েদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় ভ্রমণ বা ঘরের বাইরে অবস্থানের সময় মায়েরা এ ধরনের সুবিধার অভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। সেই বাস্তবতা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:জামিন পেয়েই সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন হিরো আলম ‘একটা মশাও মারতে পারি না’, স্বামী প্রাণ রায়ই কাকলীর বেঁচে থাকার ভরসা
এই সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ অর্জন করেছে ‘বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’। সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের এই নতুন উদ্যোগের খবর প্রকাশ হওয়ার পর অনেকেই তাকে প্রশংসা করছেন।
এমআই/এমএমএফ/আরএমডি