একুশে বইমেলা

সাঈদ আহমেদের ‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন

সাংবাদিক ও লেখক সাঈদ আহমেদ খানের ভ্রমণকাহিনি নিয়ে প্রকাশিত বই ‌‘আমাজনের ডায়েরি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ১১ মার্চ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বইটির মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন কবি ও কথাসাহিত্যিক আবদুল মাজেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর, শিশুসাহিত্যিক ও ছড়াকার শরীফ আবদুল গোফরান, কবি লিলি হক, কণ্ঠশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, বাংলাদেশ বেতারের প্রেজেন্টার সেলিনা আক্তার, কবি নাসির হেলাল, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন মানিক এবং সবার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আবু ইউসুফ।

ছায়াবিথী প্রকাশন থেকে প্রকাশিত বইটি মূলত লেখকের ব্রাজিল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত। প্রকাশকের ভাষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে জনপ্রিয় ছড়াকার হিসেবে পরিচিত সাঈদ আহমেদ খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। দেশ-বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম তিনি ভ্রমণগদ্য লিখেছেন।

আরও পড়ুনবইমেলায় নজর কাড়ছে ব্যতিক্রমী স্টল ‘অ আ ক খ’ 

গত নভেম্বরে জাতিসংঘের ‘শীর্ষ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন-৩০’ কভার করার উদ্দেশ্যে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল সফর করেন তিনি। সেই সফরের নানা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ নিয়েই লেখা হয়েছে ‘আমাজনের ডায়েরি’। বইটিতে ব্রাজিলের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, জীবনযাপন, রোমান্স এবং প্রবাসজীবনের নানা দিক উঠে এসেছে।

অনুষ্ঠানের অতিথিদের ভাষায়, সহজ-সরল বর্ণনা ও হাস্যরসাত্মক ভঙ্গিতে লেখা এ ভ্রমণকাহিনিতে পাঠক যেমন ভিন্ন এক ভূগোলের সঙ্গে পরিচিত হবেন; তেমনই জানতে পারবেন আমাজন অঞ্চল ও ব্রাজিলের জীবনযাত্রার নানা অজানা তথ্য। বইটি পাঠকদের জন্য তথ্যবহুল ও উপভোগ্য হবে। সংগ্রহে রাখার মতো একটি বই হিসেবে বিবেচিত হতে পারে।

সাঈদ আহমেদ খানের বইসমূহের মধ্যে ‘আমার দুটি বোন ছিল’, ‘ভালোবাসার খুচরা পদ্য’, ‘বিষ’, ‘ঠাট্টা’ এবং ‘ক্ষতচ্ছড়া’ উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি ছড়াপত্র ‘ধোলাই’ সম্পাদনার কাজও করেছেন।

এফএইচ/এসইউ