খেলাধুলা

মিরাজের বুদ্ধিতে রানআউট, ক্ষোভে হেলমেট ছুড়লেন সালমান আগা

১২২ রানে তিন উইকেট হারানোর পর পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। দুইজনের জুটিতে শতরানও পার হয়ে গিয়েছিল। পাকিস্তান দেখছিল বড় সংগ্রহের স্বপ্ন। তবে সালমানের অদ্ভুত রানআউটে আচমকাই ভেঙে পড়লো ব্যাটিং লাইনআপ! অদ্ভুত রানআউটে শুধু দলকেই বিপদে ফেলেননি সালমান, নিজেও পড়েছেন শাস্তির শঙ্কায়।

ইনিংসের ৩৯তম ওভারের তৃতীয় বলের ঘটনা। বোলার মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে সেটা সোজা চলে যায় ননস্ট্রাইকের দিকে। পা দিয়ে ফিরতি বল থামান মিরাজ, তবে ক্রিজের বাইরে থাকা অবস্থায় সেটি হাত দিয়ে তুলতে চান ননস্ট্রাইক ব্যাটার সালমান। এতে দুইজনের মৃদু সংঘর্ষও হয়। সালমানের আগেই বল ধরে উইকেট ভেঙে দেন মিরাজ, তখনও ক্রিজের বাইরে সালমান।

এরপর প্রথমে মিরাজের সঙ্গে হালকা কথা কাটাকাটি হয় সালমানের। রানআউট দেখার জন্য আম্পায়ার তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হলে সালমান হেলমেট-গ্লাভস মাটিতে ছুড়ে মারেন।

এরপর তৃতীয় আম্পায়ার আউট দিলে আরও ক্ষেপে যান সালমান। রীতিমত বাংলাদেশি ফিল্ডারদের গালাগাল করতে করতে মাঠ ছাড়েন। এ সময়ে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ এগিয়ে গেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। নাজমুল হোসেন শান্ত ও দলের বাকিরা মিলে পরিস্থিতি ঠান্ডা করেন। মোহাম্মদ রিজওয়ানও মিরাজকে শান্ত করার চেষ্টা করেন। ডাগআউটে ফিরেও হেলমেট ছুড়ে মারেন সালমান। ফেরার আগে ৬২ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৪ রান করেন সালমান। এরপর এক বলের ব্যবধানে মোহাম্মদ রিজওয়ানকেও ফেরত পাঠান মিরাজ। অদ্ভুত রানআউটে ভাঙে ১১৫ বল স্থায়ী ১০৯ রানের জুটি।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, প্রতিপক্ষ ফিল্ডারদের গালাগালি, মাঠের ভেতরে ও বাইরে গ্লাভস-হেলমেট ছুড়ে মারা! প্রত্যেক বিষয়েই ম্যাচ শেষে শুনানির মুখোমুখি হবেন সালমান।

আগে থেকে দোষ স্বীকার করলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নাও হতে পারে। তবে শুনানি না হলেও আর্থিক জরিমানা অনেকটা নিশ্চিত পাকিস্তান ব্যাটারের। আর দোষ স্বীকার না করলে আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি, নামের পাশে যোগ হতে পারে ডিমেরিট পয়েন্টও।

এসকেডি/এমএমআর