মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে চালু রয়েছে। পাশাপাশি দোহার এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।
আজ ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট চারটি ফ্লাইট (দুটি আগমন ও দুটি বহির্গমন) বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা সাতটি আগমন এবং আটটি বহির্গমন ফ্লাইট আজ সচল ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইটগুলো বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজকের চারটি ফ্লাইটসহ মোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এমআরএএইচ/এসআর