জাতীয়

মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গতকাল (রোববার) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে চান। তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানবন্দরের অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব বিমানবন্দর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএমএ/এএমএ