খেলাধুলা

চুক্তি বাড়িয়ে হামজাদের কোচ থাকতে আগ্রহী ক্যাবরেরা

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতিবারই জাতীয় দল ঘোষণা নিয়ে ক্যাবরেরার ওপর বিক্ষুব্ধ হন সমর্থকরা। সর্বশেষ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ক্যাম্পে ডাকা খেলোয়াড় তালিকা নিয়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক। বিশেষ করে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঘরোয়া ফুটবলে দুর্দান্ত খেলার পরও ডাকা না পাওয়া সবাইকে বিস্মিত করেছে।

রোববার সন্ধ্যায় ডাক পাওয়া ২৮ খেলোয়াড়ের মধ্যে ২৭ জন যোগ দিয়েছেন। ভোরের আগেই গুলশানের হোটেলে ক্যাম্পে যোগ দেবে কানাডা প্রবাসী শামিত সোম। ক্যাম্প শুরুর পর ক্যাবরেরা কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে জিকোকে না নেওয়া এবং তার দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ও উঠে এসেছে।

৩১ মার্চ শেষ হবে ক্যাবরেরার চুক্তি। তিনি কি এই চুক্তি নবায়নে আগ্রহী। এমন প্রশ্নের সরাসরি উত্তরে ক্যাবরেরা বলেছেন, ‘’অবশ্যই। আমি ফেডারেশনের কথা শুনতে চাই এবং তারাও নিশ্চয়ই আমার সাথে কথা বলতে চায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব।’ যার অর্থ ক্যাবরেরা হামজাদের কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান। বাফুফের সঙ্গে আলোচনায় বনিবনা হলে সিঙ্গাপুরের ম্যাচের পরও লাল-সবুজদের ডাগাউটে দেখা যাবে এই স্প্যানিশকে।

চলমান বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) বসুন্ধরা কিংসের হয়ে দারুণ ছন্দে আছেন জিকো। ১১ ম্যাচে ৩ ড্রয়ের সঙ্গে কেবল এক ম্যাচ হেরেছে টেবিলের শীর্ষে থাকা জিকোর দল। তারপরও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তার না থাকা নিয়ে কোচ বলেন, ‘ক্লিন শিট রাখা কেবল একজন গোলকিপারের একার সাফল্য নয়। আমরা সাধারণত একজন তরুণ গোলকিপারকে দলে ডাকার চেষ্টা করি। ইশাক আকন্দও ভালো করছে এবং আমাদের খেলার ধরনের সঙ্গে সে মানানসই। তবে এই ক্যাম্পের জন্য আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন,‘দুটো ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদিকে আমাদের ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আছে। এই বছরের অন্যতম লক্ষ্য ছিল প্রীতি ম্যাচে শক্তিশালী দলের মুখোমুখি হওয়া এবং ফেডারেশন ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচটি আয়োজন করেছে, যা একটি ভালো চ্যালেঞ্জ। এটি সিঙ্গাপুর ম্যাচের জন্য আমাদের দারুণ প্রস্তুতি হবে। আর সিঙ্গাপুরে গিয়ে ৩ পয়েন্ট পাওয়া হবে একটি বড় অর্জন, যা আমাদের ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে সাহায্য করবে।’

আরআই/আইএন