প্রবাস

কুয়ালালামপুরে বাংলাদেশি তরুণদের আয়োজনে তেলাওয়াত প্রতিযোগিতা

প্রবাসে থেকেও ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য ধরে রাখার এক অনন্য উদ্যোগ হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি তরুণদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে রোববার (১৫ মার্চ) কুয়ালালামপুরের কিংস্টোন হোটেলে অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ধর্মীয়, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নাগরিক দাতো ডা. হাসনিজাল হাসান, যিনি ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান এবং মেম্বার অব রয়েল ফ্যামিলির সঙ্গে সম্পৃক্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি), ব্যবস্থাপনা পরিচালক নাদিম ইফা গ্লোবাল (এম) এসডিএন, বিএইচডি; দাতো রওশন দাস, চেয়ারম্যান এক্সট্রিম ফাইভ; প্রকৌশলী সুমন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজ; আবু বক্কর সিদ্দিক (নাছিম), ব্যবস্থাপনা পরিচালক সোনালী জুয়েলার্স; মোহাম্মদ শারিফুল ইসলাম শরিফ, ব্যবস্থাপনা পরিচালক শারিফ কন্সট্রাকশন এসডিএন এন্ড বিএইচডি; মোহাম্মদ তোফায়েল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইজান গ্লোবাল ট্রেডিং এসডিএন এন্ড বিএইচডি; মোহাম্মদ আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক সাওয়ারি হলিডে এবং মোহাম্মদ রাশেদ বাদল, ব্যবস্থাপনা পরিচালক সিভিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ রাজু। সংগঠনের ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজানসহ সহ-সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ, সদস্য মোহাম্মদ সুমন, মিজান, মেহেদীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ এবং হাফেজ মাওলানা ইকরামুল হক। তাদের অভিজ্ঞতা ও নিরপেক্ষ মূল্যায়নে প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের তেলাওয়াতে পবিত্র কুরআনের সুরে মুখর হয়ে ওঠে পুরো হলরুম। উপস্থিত দর্শকরা গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি বিচারকদের মূল্যবান অবদান ও বিচারিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও কুরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এমআরএম/জেআইএম