ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের মতে, ইরাকের রাজধানী বাগদাদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলা এবং মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস চত্বরের কাছে একটি বিস্ফোরণের শব্দের পর বাগদাদের জাদরিয়াহ জেলায় এই প্রাণঘাতী হামলা চালানো হয়।
আল জাজিরার যাচাইকৃত ভিডিও এবং ছবিতে মার্কিন দূতাবাসের আশপাশ থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। অন্য ফুটেজে দেখা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চত্বরের কাছে আকাশে বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দূতাবাসের সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভোরের দিকে অন্তত দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং তৃতীয়টি কম্পাউন্ডের ভেতরে আঘাত হেনেছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংস্থাটি জানায়, এলাকায় দেখা যাওয়া আগুন ও ধোঁয়া কম্পাউন্ডের ভেতর থেকেই উঠছিল। তবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
টিটিএন