আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত লারিজানি এবং সোলাইমানির জানাজা আজ

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার। 

এর আগে ইসরায়েলের পক্ষ থেকে তাদের দুজনকে হত্যার দাবি করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দাবি করেন যে, ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করা হয়েছে।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন।

ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনা নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের কমান্ডারকেও হত্যা করেছে।ইসরায়েলি বাহিনীর দাবি, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে। বাসিজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, সোলাইমানির জন্ম ১৯৬৫ সালে। বাসিজ বাহিনীর মাধ্যমে ভিন্নমত দমনে জড়িত থাকার অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

টিটিএন