জাতীয়

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেশমা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তিনি বরিশালের শশীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের সেখানে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আহত নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় কেউ মারা গেছে কি না—জানতে চাইলে সদরঘাট নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসে।

সদরঘাট পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টার্মিনালে অবস্থান করা একটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছিল। এসময় পেছন থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝে পড়ে গুরুতর আহত হন দুজন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ জাগো নিউজকে জানিয়েছেন, আহতদের একজন অন্তঃসত্ত্বা হওয়ায় তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লঞ্চ দুটির চালক বা সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমডিএএ/টিটি/এমকেআর