ঈদ মানেই শুধু আনন্দ আর মিলনের সময় নয়, এটি স্বাদের এক উৎসবও বটে। এদিন সবার রান্নাঘরেই থাকে বিশেষ আয়োজন। আর যদি সেই আয়োজনের মূল আকর্ষণ হয় মসলা ও সুগন্ধে ভরা বিফ তেহারি, তাহলে ঈদের উৎসব হয়ে ওঠে আরও রঙিন, আরও মুখরো। এখনই সময়, বুটের ডালে সেই তেহারির কড়াই তুলে এনে ঘরে ভরিয়ে দিন খুশির স্বাদ। রইলো রেসিপি-
প্রথমে গরুর মাংস ভালাভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে আদা-রসুনবাটা, টক দই, লবণ, কাঁচা মরিচ ও ১ টেবিল চামচ তেহারি মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেস্টে রেখে দিন। অন্যদিকে বুটের ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন ও পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
এবার প্যানে সর্ষের তেল ও বেরেস্তা ভাজার তেল গরম করে তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ দিন। হালকা ভেজে তাতে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে মাংস তুলে আলাদা করে রাখুন।
এবার সেই প্যানেই চাল দিয়ে ৪ থেকে ৫ মিনিট নেড়ে ভেজে নিন। ভাজা হলে চালের দ্বিগুণ গরম পানি দিন। এরপর স্বাদমতো লবণ, চিনি, কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ঘি, গুঁড়া দুধ, তেহারি মসলা ২ টেবিল চামচ, অর্ধেক বেরেস্তা, রান্না করা মাংস, সেদ্ধ বুটের ডাল ও গোলাপজল দিন। পানি শুকিয়ে এলে ঢেকে কম আঁচে ২০ মিনিট দমে রাখুন। সবশেষে বেরেস্তা ও বাকি ঘি ছড়িয়ে দিন ও চুলা বন্ধ করে ১০ মিনিট দমে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের বুটের ডালে বিফ তেহারি।
জেএস/