রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে। জাতীয় মসজিদের জামাতে অংশ নিতে এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বায়তুল মোকাররমে সকাল ৭টায় শুরু হয় প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম জামাত।
প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছিলেন। প্রথম জামাত শেষ হতেই তারা মসজিদে প্রবেশ করেন।
প্রথম জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন মিজানুর রহমান।
মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে।
মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্য দোয়া করা হয়।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় দ্বিতীয় জামাতের বয়ান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বাকি জামাতগুলো সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
এসময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আরএমএম/এমকেআর