জাতীয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। এদিন ভোর থেকেই রাজধানীর নানান প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শনিবার (২১ মার্চ) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে প্রবেশ করছেন মুসল্লিরা।

জটলা এড়াতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড় বন্ধ করে দেওয়া হয়েছে। লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করছেন। কয়েক দশক পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমওএস/এমকেআর