দেশজুড়ে

সন্তানের লাশ নিয়ে মায়ের মানববন্ধন, প্রেমিকের শাস্তির দাবি

ঝালকাঠিতে বিয়ের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি স্বীকৃতি। উল্টো হারিয়েছেন ১৩ মাসের সন্তানকে। এবার সেই সন্তানের মরদেহ নিয়ে অভিযুক্ত প্রেমিকের বিচারের দাবিতে রাস্তায় নামলেন ভুক্তভোগী।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব ভাওতিতা এলাকার হৃদয় বেপারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। সম্পর্কের একপর্যায়ে লিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা চালিয়ে যান হৃদয়। গত ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন লিয়া।

অভিযোগ করা হয়, সন্তান জন্মের পর হাসপাতাল থেকে বাসায় এনে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন হৃদয়। কিন্তু ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ফেরার পথে কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান তিনি। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেলে এক ভিক্ষুক তাকে উদ্ধার করে এবং পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠানো হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা শেষে গত ৯ মার্চ চাইল্ড হোম থেকে নিজের সন্তানকে ফিরে পান লিয়া মনি। তবে দীর্ঘ অযত্ন ও অবহেলায় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাকে পুনরায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে শিশুটির মৃত্যু হয়।

সন্তানের এ অকাল মৃত্যুর জন্য লিয়া মনি তার প্রেমিক হৃদয় বেপারিকে সরাসরি দায়ী করেছেন। এর আগে গত ৯ মার্চ লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারিসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে ইতিপূর্বে মামলা হয়েছে। প্রধান আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মো. আমিন হোসেন/আরএইচ/এএসএম