গণমাধ্যম

আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চাই: তথ্যমন্ত্রী

 

সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে গণমাধ্যম খাতে শৃঙ্খলা আনতে পরিকল্পিত পদক্ষেপ (স্ট্র্যাটেজিক মুভ) নিতে চান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

গণমাধ্যমকর্মীদের হুট করে চাকরিচ্যুতিরোধে কোনো সুনির্দিষ্ট আইন বা কোনো কিছু করবেন কি না- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন,  আপনারা সবাই জানেন যে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোটায় কত বড় ধরনের পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে। প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটা সবটাই কিন্তু তথ্যপ্রযুক্তি এবং এখনকার যে কমিউনিকেশন সায়েন্স তার যে রূপান্তরিত পরিস্থিতি সেটার কারণেই, অনলাইন পত্রিকা, আইপি টিভি- এ ধরনের যে প্লাটফর্মগুলো তৈরি হয়েছে। ফলে আগের মতো কিন্তু আমরা বা সরকার চাইলেই পুরোনো নিয়ন্ত্রণের আইন কাঠামো... তার আওতার মধ্যে কিন্তু এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন।

তিনি বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা যায়, অমুকটা কীভাবে তমুকটা কীভাবে, কিন্তু আমরা এ রকম কোনো পিসমিল কথাবার্তা না বলে গণমাধ্যম সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের মতো স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়েই একটা স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আর ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে কে তার কর্মকর্তা-কর্মচারীদের রাখবেন কী রাখবেন না এটার তো তার একটা এখতিয়ার এবং ক্ষমতা আছে। আবার তথ্য মন্ত্রণালয় যে কোনো ধরনের গণমাধ্যমকর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার, এটা নৈতিক দায়িত্ব আছে। কিন্তু, এই নৈতিক দায়িত্ব পালন করার জন্য কোনো উদ্যোক্তার প্রতি কী পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কিন্তু কোনো আইন নেই।’

‘ফলে সবটাই কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই এই বিষয়ে।’

সংবাদ সম্মেলনে এক মাসের মধ্যে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ে ব্যক্তিদের সম্মানি প্রদান, মহিলা বাস চালু, খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

আরএমএম/জেএইচ