বিনোদন

দেশে মোটা আয়ের পর বিদেশি ডলার কামাতে যাচ্ছে ‘দম’

মুক্তির পর থেকেই সগৌরবে দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে চলছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শক চাহিদার তুঙ্গে। সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সে ‘দম’র প্রায় শোই যাচ্ছে হাউজফুল! ক্রমেই বাড়ছে শো।

এখন পর্যন্ত আন অফিসিয়ালি জানা গেছে, প্রায় সোয়া কোটি টাকারও বেশি আয় ঘরে তুলেছে ‘দম’। 

এমন সময় জানা গেল নতুন খবর। এবারের রোজা ঈদের প্রথম সিনেমা হিসেবে ‘দম’র আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সিনেমাটি অস্ট্রেলিয়ায় প্রদর্শন হবে। টাকায় আয়ের পর এবার ডলার গুনবেন ‘দম’র প্রযোজক।

আগামী শুক্রবার, ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটি দেখানো হবে। পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্টে চলবে সিনেমাটি। সমাপনী দিন অর্থাৎ ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, ‘শুরু থেকেই দম ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। গত চার দিনে যে দর্শক সাড়া পাচ্ছি, তাতে আমি একটা নেগেটিভ রিভিউ দেখিনি। ক্রমেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক বাজারে ঈদের প্রথম সিনেমা হিসেবে দম মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

 

এমআই/এলআইএ