শিক্ষা

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা লাগবে ১৮ বছর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার ৩৯১টি শূন্যপদ রয়েছে। আগের দফায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ১৩ হাজার ৫৯৯টি। সেই হিসাবে পদসংখ্যা ১ হাজার ২০৮টি কমেছে।

তবে আবেদনকারীর যোগ্যতার শর্ত বাড়ানো হয়েছে। আগে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে একজন প্রার্থীকে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রাখা হলেও তা এখন ১৮ বছর করা হয়েছে। আবার প্রতিষ্ঠানের সহকারী প্রধান নিয়োগে আগে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও এখন এক্ষেত্রে লাগবে কমপক্ষে ১৮ বছর।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী-আগামী ২৮ মার্চ থেকে আবেদন শুরু হবে, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

নতুন বিজ্ঞপ্তিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগে এই যোগ্যতা ছিল প্রতিষ্ঠানপ্রধানের ক্ষেত্রে ১৫ বছর এবং সহকারী প্রধানের ক্ষেত্রে ১২ বছর।

তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দায়িত্ব নেওয়ার পর এমপিও নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ১৮ বছর নির্ধারণ করেন। ফলে আগের বিজ্ঞপ্তি ও আবেদন বাতিল বলে বিবেচিত হবে। নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তি মেনে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে।

এদিকে সংশোধিত বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের অধিদপ্তরভিত্তিক শূন্যপদে পুনরায় অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা শেষ হবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। তবে সফলভাবে আবেদন ফরম পূরণ করা প্রার্থীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। পরীক্ষার ফি ৩৫০ টাকা।

বিজ্ঞপ্তির তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ ৯ হাজার ৭০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি।

সংশোধিত বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ আরও উল্লেখ করেছে যে, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে আগের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আগের দফায় আবেদন করা সব প্রার্থীকে অনলাইন ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট ও নগদ) মাধ্যমে ফির টাকা ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টনপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থীদের প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর মৌখিক পরীক্ষা হবে। সেখানে নম্বর থাকবে ৮। বাকি ১২ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর। সব পদের পরীক্ষায় পাস নম্বর হবে ৪০ (আলাদাভাবে)।

এএএইচ/এমআইএইচএস