দেশজুড়ে

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই শ্রেষ্ঠ সন্তানের বীরত্বগাঁথা স্মরণ করা হয়।

এদিন সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া তার সমাধিতে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারী পরিচালক) সোহেল আল মুজাহিদ।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ ও চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদায় এসব কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রমুখ।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম