জাতীয়

চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র‍্যালি ও সমাবেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে র‍্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজীর হোসেন জুয়েল। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক, মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলামসহ অন্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।

সমাবেশে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে তানজীর হোসেন জুয়েল বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে নতুন প্রজন্ম সচেতন। তাদের দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নিতে হবে।

এমআরএএইচ/বিএ