বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছে। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে আলুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনায় ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একের পর এক গাড়ি ধাক্কা খাচ্ছে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর আমরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলি। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে আটকে থাকা যানবাহন সরানোর কাজ চলছে। আপাতত সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এল.বি/এনএইচআর