প্রশ্ন: অনেক সময় আমরা মোবাইলে এমন অনেক ওয়াই-ফাই সিগনাল পাই যাতে পাসওয়ার্ড দেওয়া থাকে না। এ রকম পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করা কি জায়েজ হবে?
উত্তর: সরকার বা কোনো কোম্পানির পক্ষ থেকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এ রকম ওয়াই-ফাই ব্যবহার করা জায়েজ।
জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়, ভুল করে পাসওয়ার্ড দেওয়া হয়নি এ রকম ওয়াই-ফাই—বাসাবাড়ির হোক বা কোনো অফিসের হোক—বিনা অনুমতিতে ব্যবহার করা জায়েজ নয়। এর হুকুম অন্যের মালিকানাধীন অন্যান্য সম্পদের মতই। তাই কেউ যদি বিনা অনুমতিতে অন্যের ওয়াই-ফাই ব্যবহার করে, তা চুরি ও জুলুম গণ্য হবে।
আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয়— তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। (সুরা নিসা: ২৯)
আবু হুররাহ আর-রক্কাশী (রহ.) তার চাচা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া অন্যের জন্য হালাল নয়। (মুসনাদে আহমদ: ২০৬৯৫)
কেউ যদি অন্যের ওয়াই-ফাই খোলা পেয়ে ব্যবহার করে থাকে, তাহলে তওবার উপায় হলো সম্ভব হলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তার ঠিকানা জানা না থাকে বা অন্য কোনো কারণে তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে ব্যবহার করা ওয়াই-ফাইয়ের মূল্য অনুমান করে তার পক্ষ থেকে সদকা করে দিয়ে আল্লাহর তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
ওএফএফ