ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না তাদের বোর্ড। তবে আইপিএলে না খেলা ও জাতীয় দল থেকে অবসরে যাওয়া ক্রিকেটারদের সুযোগ থাকে বিদেশের লিগে খেলার। অবসরে যাওয়ায় বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও খেলা হয়নি হাঁটুর ইনজুরির কারণে।
সেবার তিনি হতাশ হলেও এবার সুযোগ মিলছে দেশের বাইরের আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। ভারতের প্রথম সাবেক ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। টুর্নামেন্টের দল সান ফ্রান্সিস্কো ইউনিয়কর্নসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি ডালাস ফোর্ট ওর্থ এরিয়ায় একটি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি। আর সেই ম্যাচই মূলত তাকে অনুপ্রাণিত করেছে এমএলসি ক্লাবের সঙ্গে যুক্ত হতে। গতকাল শনিবার ইএসপিএনকে তিনি বলেছেন, ‘ওই ম্যাচে এশিয়ার প্রবাসীদের যে প্রতিক্রিয়া দেখেছি, তাতেই বুঝতে পেরেছি আমেরিকান ক্রিকেটের সম্ভাবনা কতটা প্রবল হতে পারে। এটা সত্যিই রোমাঞ্চকর।’
এটাই হবে অশ্বিনের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ ভারতের বাইরে। এমএলসিতে অশ্বিনের দল সান ফ্রান্সিস্কো এখন পর্যন্ত একবারও মেজর লিগ ক্রিকেটের শিরোপা জেতেনি। ২০২৪ সালের ফাইনাল খেললেও হারতে হয়েছিল ওয়াশিংটন ফ্রিডমের কাছে।
আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে ছয় দলের মেজর লিগ ক্রিকেট।
আইএন