দুই বছরের বিরতির পর আবারও রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন তারা দর্শকদের জন্য নিয়ে আসছে দুইটি নাটক। নাটক দুটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ‘শেষের কবিতা’ এবং উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’।
গত দুই বছর শিল্পকলা একাডেমিতে নিয়মিত মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নাট্যদল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। তবে নাট্যকর্মীদের কাছে প্রাণের কেন্দ্র হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফিরে আসাকে ঘিরে দলটি বিশেষ প্রস্তুতি নিয়েছে।
১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘শেষের কবিতা’। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নির্দেশকের ভাষ্য অনুযায়ী, এবার নাটকটি নতুন আঙ্গিক ও ভিন্ন ভাবনায় উপস্থাপন করা হবে। এতে অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীনসহ অনেকে। মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ এবং রূপসজ্জায় জনি সেন কাজ করেছেন।
অন্যদিকে, ২ ও ৩ এপ্রিল একই সময় সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘টিনের তলোয়ার’। অনন্ত হিরার নির্দেশনায় এই নাটকটি উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত হলেও সমকালীন বাস্তবতায় এখনো প্রাসঙ্গিক বলে মনে করা হয়। এতে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেনসহ আরও অনেকে।
দীর্ঘ বিরতির পর জাতীয় নাট্যশালার মঞ্চে প্রাঙ্গণেমোরের এই প্রত্যাবর্তনকে ঘিরে নাট্যাঙ্গনে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও উচ্ছ্বাস।
এমআই/এলআইএ